‘প্রযুক্তি কাজে লাগিয়ে সংস্কৃতি চর্চায়’ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল, ২০২২ ১৩:২৩  
প্রযুক্তি কাজে লাগিয়ে সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রযুক্তির দিকেই আমাদের এগিয়ে যেতে হবে”। “প্রযুক্তি কাজে লাগিয়েই আমাদের সংস্কৃতি চর্চাটাকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারি। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দেব” - যোগ করেন সরকার প্রধান। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করে এমনটা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একসময় সিনেমা আমাদের দেশের একমাত্র অবলম্বন ছিলো। যেটা পর্যায়ত্রমে প্রযুক্তির কারণে প্রায় বন্ধ হয়ে গেছে। আমি মনে করি আমাদের প্রতিটি জেলায় এবং উপজেলায় আবার সিনেমা হলগুলো তৈরি করা উচিত। এর সঙ্গে সিনেপ্লেক্স করতে পারেন। এই জন্য আমরা এক হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখেছি।” পুরো বাংলাদেশে এখন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, “আজকে এই যে আটটি জেলার সকলের সঙ্গে একই সঙ্গে আমি গণভবনে বসে কথা বলছি, এতে আপনাদের সকলের সাথে সাক্ষাৎ হচ্ছে বা এর মাধ্যমে আমরা যে যোগসূত্র তৈরি করতে পারছি, এটা হলো প্রযুক্তির উপহার। সেটাও আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে।” প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা ঐতিহ্য যেমন ভুলব না। আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি মনে করি ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানও অর্জন একান্ত প্রয়োজন। একটা থেকে আরেকটা বাদ দেয়া যাবে না। প্রযুক্তির দিকেই আমাদের এগিয়ে যেতে হবে সে বিষয়টা সবসময় আমাদের মনে রাখতে হবে।” নতুন শিল্পকলা একাডেমি ভবন পাওয়া এই আট জেলা হল: কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর। অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।